সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যর্থ হওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে নেমে আন্দোলন করছে। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই ৩৫টির বেশি ফেসবুক পেজ ও আইডি থেকে ভিডিওটি ছড়ানো শুরু হয়।
ভিডিওটিতে শিক্ষার্থীদের 'এক দুই তিন চার, শিক্ষামন্ত্রী গদি ছাড়', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে'-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পোস্টগুলোর ক্যাপশনে বলা হচ্ছে, 'এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা'।
তবে প্রথম আলোর যাচাইয়ে ভিন্ন চিত্র উঠে এসেছে। ভিডিওটি চলতি বছরের এসএসসি ফল প্রকাশের পরের কোনো আন্দোলনের নয়। এটি গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সচিবালয় অভিমুখী 'লংমার্চ'-এর সময় ধারণ করা হয়েছিল। ফল প্রকাশের পরের দিন ১৯ সেকেন্ডের এই ভিডিওটি সামনে এলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন।
ভিডিওটির ব্যাপক প্রচার দেখা যায় বিভিন্ন পেজে। 'The Politics-দ্য পলিটিক্স' নামের একটি পেজে ভিডিওটি ২৫ লাখ বার দেখা হয়েছে, যেখানে প্রতিক্রিয়া পড়েছে ৫৮ হাজার এবং শেয়ার হয়েছে প্রায় ৭ হাজার বার। অন্যদিকে, ১৮ লাখের বেশি অনুসারী বিশিষ্ট 'নাগরিক প্রতিদিন' নামের একটি ফেসবুক পেজ থেকেও ভিডিওটি পোস্ট করা হয়, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ লাখ বার দেখা হয়েছে।
পোস্টগুলোর মন্তব্যের ঘর পর্যালোচনা করে দেখা যায়, অনেক ব্যবহারকারী ভিডিওটিকে সত্য বলে বিশ্বাস করেছেন। নিতিশ বড়ুয়া নামের একজন মন্তব্য করেছেন, আন্দোলনকারীদের শনাক্ত করে তাদের পরীক্ষার খাতা জনসমক্ষে উপস্থাপন করা উচিত। ফারিয়া কনা নামের একজন লিখেছেন, সারা বছর না পড়ে টিকটক করেছিল, এখন আন্দোলন করতে এসেছে। সাজ্জাতুল ইসলাম নামের আরেকজন মন্তব্য করেছেন, এদের খাতা জনসমক্ষে প্রকাশ করা হোক, জাতি দেখতে চায় তারা পরীক্ষার খাতায় কী লিখেছে।
ভিডিওটির সত্যতা যাচাই করতে বিভিন্ন সময়ের স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করে প্রথম আলো। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি নিয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ডে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে দেখা যায়, দেশের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের ফেসবুক পেজে ১৫ জুলাই প্রকাশিত ভিডিওতে শিক্ষার্থীদের একই ধরনের মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। সেসব ভিডিওর ক্যাপশনে উল্লেখ ছিল, 'শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল'।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেশের বেশিরভাগ স্থানে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। একই সময়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' হিসেবে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগেও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে 'লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে গত ১৫ জুলাই রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত এলাকা থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করে। বেলা ৩টার পর মিছিলটি নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকা অতিক্রম করে। ওই কর্মসূচির দৃশ্যই এখন এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন—এমন কোনো ঘটনার তথ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূলধারার সংবাদমাধ্যম বা টেলিভিশন চ্যানেলগুলোতে পাওয়া যায়নি।




