সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিয়োগসংক্রান্ত লিখিত কোনো বক্তব্য বা নির্দিষ্ট সময়সীমা না পেলে তারা সড়ক অবরোধ করবেন। সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন নির্বাচিত প্রার্থীরা।
তাদের বক্তব্য, নিয়োগের ব্যাপারে বারবার মৌখিক আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বলে জানান তারা। সংবাদ সম্মেলনের পূর্বে একটি প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সাথে সাক্ষাৎ করে। সাক্ষাতের পর তারা জানান, মহাপরিচালক তাদের জানিয়েছেন যে ২৯ জুলাই তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে আলোচনায় বসবেন। ওই আলোচনায় নিয়োগের বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান তিনি।
নির্বাচিত প্রার্থীরা বলেন, ‘২৯ জুলাইয়ের মধ্যে নিয়োগের বিষয়ে যদি আমাদের লিখিত কোনো বক্তব্য বা নির্দিষ্ট তারিখ না দেওয়া হয়, তাহলে আমরা বাধ্য হয়ে আবারও সড়কে নামব।’ তারা আরও বলেন, ‘আমরা রাস্তায় আসতে চাই না, আমরা ক্লাসরুমে যেতে চাই। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তাতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়। নির্বাচিত প্রার্থীদের দাবি, নিয়ম অনুযায়ী এরপরই তাদের যোগদানের কথা থাকলেও প্রায় ছয় মাস ধরে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দিলেও চূড়ান্ত পদায়ন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র (পিটিআই) থেকে প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর করতে চায়।




