প্রতিকূল পরিস্থিতি জয় করে নিজের পায়ে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত তৈরি করেছেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার গুড়িহারী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন। এসকেন্দার ও আবেদা বেগমের একমাত্র সন্তান তিনি। বাবার মানসিক অসুস্থতার কারণে পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। শৈশবে বাবা-মা চেয়েছিলেন ছেলেকে হাফেজ বানাবেন, তাই তাঁকে প্রথমে একটি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়। তবে কিছুদিন পর বিভিন্ন কারণে বাড়ি ফিরে আসতে হয় এবং পড়াশোনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

২০১৬ সালে গুড়িহারী গ্রামের সচেতন যুবক ও মাসুদ রানা নামের এক বড় ভাইয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন আব্দুল্লাহ। পড়াশোনায় তিনি অত্যন্ত মেধাবী ও শিক্ষকদের বাধ্য ছাত্র হিসেবে পরিচিত হন। কিন্তু শিক্ষাজীবন চলাকালেই বাবার মানসিক সমস্যা দেখা দেয়, যা পরিবারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সামান্য জমি চাষাবাদ করে সংসারের খরচ ও বাবার চিকিৎসা মেটানো অসম্ভব হয়ে পড়লে তাঁর মা আবেদা বেগম একটি এনজিওতে ছোটখাটো চাকরি নেন। আব্দুল্লাহও পড়াশোনার পাশাপাশি মায়ের সঙ্গে জমি ও ঘরের কাজে সাহায্য করতে থাকেন।

একপর্যায়ে চরম আর্থিক সংকটের কারণে পড়াশোনা আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন আলোর পাঠশালার শিক্ষকরা তাঁর বাড়িতে গিয়ে বুঝিয়ে তাঁকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। শিক্ষকদের এই আন্তরিকতায় ২০২১ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ২.৯৪ পেয়ে এসএসসি পাস করেন তিনি। এরপর একাদশ শ্রেণিতে ভর্তি হলেও এবার শুধু পড়াশোনা নয়, পরিবারের স্থায়ী সচ্ছলতা ফেরাতে রাজশাহীতে অবস্থিত এনআইপিআরও জেএমআই ফার্মা লিমিটেডের শাখায় চাকরিতে যোগ দেন। এই চাকরির পর থেকেই সংসারের দীর্ঘদিনের অভাব-অনটন দূর হয় এবং পরিবারে আবার সুখের দিন ফিরে আসে।

ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত মা আবেদা বেগম বলেন, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের সব আবদার পূরণের চেষ্টা করেছি। আজ কষ্ট করে ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পেরে তিনি গর্বিত। এই যাত্রায় আলোর পাঠশালা ও প্রথম আলো ট্রাস্টের অবদান তাঁরা কোনোদিন ভুলবেন না। আব্দুল্লাহ আল মামুন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, টাকার অভাবে যখন পড়াশোনা বন্ধ হতে বসেছিল, তখন শিক্ষকরা পাশে না দাঁড়ালে তিনি আজ এই পর্যায়ে আসতে পারতেন না। তিনি আলোর পাঠশালার সকল শিক্ষক ও প্রথম আলো ট্রাস্টের প্রতি চিরকৃতজ্ঞ।