রাজধানীর রমনার ব্যস্ত সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন আবদুস সালাম নামের এক নিরাপত্তারক্ষী। তাঁর একটি নিয়মিত অভ্যাস ছিল—প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ অতিক্রম করার সময় তিনি হাতে ধানের শীষ ধরে সম্মান জানিয়ে দাঁড়িয়ে থাকতেন। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। বুধবার (৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রমনায় গিয়ে সালামের সাথে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু উপহার তাঁর হাতে তুলে দেন। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবরও নেন তিনি। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবদুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ী ঘাট এলাকায়। গত আট মাস ধরে তিনি সাবেক রমনা থানার সামনের ওই ব্যাংকের বুথে সিকিউরিটি গার্ডের কাজ করছেন। এর আগে তিনি পেশায় একজন চালক ছিলেন। কিন্তু স্ট্রোকের কারণে আর গাড়ি চালাতে পারেননি। তাই চাকরি ছেড়ে এই নিরাপত্তা প্রহরীর দায়িত্ব নেন তিনি। শারীরিকভাবে সুস্থ না হলেও প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টানা ১২ ঘণ্টা কাজ চালিয়ে যান সালাম।
প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আবদুস সালাম। তিনি জানান, কখনো ভাবেননি যে তাঁর এই ছোট্ট কাজ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে এবং তিনি উপহার পাঠাবেন। কৃতজ্ঞতা প্রকাশ করে সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে আমি ভালোবাসি, মাকেও ভালোবাসি, প্রধানমন্ত্রীকেও ভালোবাসি। তিনি আমার জানের টুকরা। যখন তিনি এ পথে যান, আমি প্রতিদিন তাঁকে সালাম জানাই। তিনিও সব দিন গাড়ির ভেতর থেকে হেসে সালাম দেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর হাসি দেখে আমার মন জুড়িয়ে যায়। আজ আমার জীবনের সেরা দিন। সবচেয়ে আনন্দের দিন। প্রধানমন্ত্রী আমার মতো সাধারণ মানুষকে উপহার পাঠিয়েছেন—এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে?’




