বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশি বিনিয়োগে আগ্রহী যে কেউ সরকারের পূর্ণ সহযোগিতা পাবেন। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি দল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে। বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রায় দুই মাস আগে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং এই কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী এ সময় পুনর্ব্যক্ত করেন যে, বর্তমানে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সাক্ষাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।