গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এই বিক্ষোভে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত থেকে জানা যায়, সকালে উপজেলা প্রশাসন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নামের তালিকা প্রকাশ করে। তালিকা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে বেলা ১টার দিকে ইউএনও কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিতরা। এরপর সেখানে তারা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পৃক্ত করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামও অন্তর্ভুক্ত রয়েছে বলে তারা দাবি করেন। এ অবস্থায় তালিকা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় উত্তেজিত জনতা ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি অফিসকক্ষের জানালা এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা সাড়ে ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে ইউএনও কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল শেষে তারা ওই নিয়োগের প্রতিবাদ জানান।

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে লোক নিয়োগ করা হয়েছে। তালিকায় তাদের নামও রয়েছে। এ কারণে দলীয় নেতা-কর্মী ও নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে এই তালিকা বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে ফুলছড়ির ইউএনও মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।