মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে ৭০ বছরের কৃষক আবদুল মান্নানকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল আটটার দিকে ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে সীমান্তের দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছিলেন। সকালে সেই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় কৃষককে আটক করে। আটকদের একজন সচিন কর্মকার এবং অন্যজন নারায়ণ দেব বলে জানা গেছে।
আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, দাদাকে ছেড়ে দেওয়ার জন্য বিএসএফকে অনুরোধ করা হলেও তারা তা আমলে নেয়নি। ফলে বাধ্য হয়ে এলাকার মানুষ দুই ভারতীয়কে আটক করে। ঘটনার পর দুপুর দুইটার দিকে বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর আটক করা দুই ভারতীয় নাগরিককেও হস্তান্তর করা হয়েছে।
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর তাকে আটক করা হয়। আজিবর কাজিয়ার চরের নুরুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে কয়েকজন সীমান্ত পিলারের কাছে দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে এলেও আজিবর ধরা পড়েন। বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে।




