ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে না গিয়ে দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা সম্পন্ন করার দাবি তুলেছেন সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা। তাঁদের মতে, সদ্য গঠিত এ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা ও সনদ দিতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে, ফলে তাঁদের শিক্ষাজীবন আরও দীর্ঘায়িত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা সাত কলেজের কাঠামো বজায় রেখেই দাবি বাস্তবায়নের কথা বলা হয়েছে, অন্যথায় আইনি লড়াইয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে সংবাদ সম্মেলন করে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষাক্রমের ধারাবাহিকতা, পরীক্ষা গ্রহণ এবং সনদ ইস্যুসহ নানা সংকট তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের মুরাদ মুস্তাকিন, পদার্থবিজ্ঞান বিভাগের আফরিনা সানজিদ, রসায়ন বিভাগের জাহিদুল হাসান রনি এবং মার্কেটিং বিভাগের অদিতি পাল।
মুরাদ মুস্তাকিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির সিদ্ধান্ত নেওয়া হলে তাঁরা সম্মিলিতভাবে আইনি প্রতিকার চাইবেন। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের মতামতের বিপরীতে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের মতামত নিতে গণস্বাক্ষর ও অনলাইন ভোটের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকেই ডিগ্রি সম্পন্ন করার পক্ষে মত দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর প্রথম ব্যাচের সেশনজটের কথা উল্লেখ করেন। তখন সেশনজট কাটাতে আড়াই থেকে তিন বছর লেগেছিল। শত বছরের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামো, পরীক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রশাসনিক সক্ষমতা থাকার পরও এমন পরিস্থিতি তৈরি হলে নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে শিক্ষার্থীদের কী সমস্যার মুখোমুখি হতে হবে—তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
মার্কেটিং বিভাগের অদিতি পাল বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে ভবিষ্যতে শিক্ষার্থীরা কোথায় যাবে বা কী সুযোগ পাবে—তা নিয়ে কোনো সুস্পষ্ট নিশ্চয়তা নেই। তাঁর ভাষায়, চার বছরের পরিশ্রমের কোনো মূল্য না থাকার চেয়ে বড় সমস্যা আর হতে পারে না। উল্লেখ্য, সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আগে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলছে। সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। বর্তমানে এই কলেজগুলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে নেওয়া হয়েছে।




