আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিএএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদের জন্য দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন পরিচালক নির্বাচনেও ভোট দেবেন সংগঠনের সদস্যরা।

নির্বাচন বোর্ডের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে লড়ছেন আদজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঐক্য পরিষদের প্যানেল লিডার মো. শাহরিয়ার। অপর প্রার্থী ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের জামিল আহমেদ, যিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে ঐক্য পরিষদ থেকে মনোনয়ন পেয়েছেন বশির আহমেদ (প্যাম কমপ্লেক্স), মোহাম্মদ সায়েম উদ্দিন (হাই স্পিড প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ), বেলাল উদ্দিন (ব্লু প্যাক লিমিটেড), মো. ফজলুল করিম (সাহেদ) (সুফি ডাইং অ্যান্ড অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ) ও আবুল ফজল মো. ইবনুল হাসান (হাসান ট্রিমস অ্যান্ড অ্যাকসেসরিজ)। এই অঞ্চল থেকে ঐক্য পরিষদের বাইরে একমাত্র প্রার্থী হলি ইলাস্টিকের পরিচালক মো. ফজলে এলাহী। তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলেও নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ফলে পাঁচটি পরিচালক পদের জন্যই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রথম সহসভাপতি (চট্টগ্রাম) শাহজাদা মাহমুদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, দ্বিতীয় সহসভাপতি জাহির উদ্দিন আলমগীর, অর্থবিষয়ক সহসভাপতি সাইফুল ইসলাম (সবুজ) এবং সহসভাপতি জহির উদ্দিন মো. বাবর ও কাজী ফাহাদ।

গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে ঐক্য পরিষদের প্যানেল লিডার ও সভাপতি পদপ্রার্থী মো. শাহরিয়ার তার প্যানেলের ১১ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি জানান, পূর্ববর্তী নির্বাচনে দেওয়া ২১টি প্রতিশ্রুতির মধ্যে ২০টিই পূরণ করতে পেরেছেন। আগামী দিনেও সংগঠনের উন্নয়নে সদস্যদের সমর্থন চান তিনি।

অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতি কাজী ফাহাদ ব্যাখ্যা করেন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে 'বাংলাদেশ প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি' রাখা হয়েছে। কারণ, বর্তমানে সদস্যপ্রতিষ্ঠানগুলো শুধু পোশাকশিল্প নয়, বরং বিভিন্ন শিল্পের জন্য প্যাকেজিং ও আনুষঙ্গিক পণ্য উৎপাদন করছে। তাই সংগঠনের নাম থেকে 'গার্মেন্টস' শব্দটি বাদ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল মুসলিম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল্লাহ, বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।

নির্বাচন বোর্ডের নোটিশ অনুযায়ী, আগামী ১ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দুটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-৫ এবং চট্টগ্রামে দক্ষিণ খুলশীর বিজিএমইএ ভবনের মিলনায়তনে ভোট দেওয়া যাবে। ভোট শেষে সংশ্লিষ্ট কেন্দ্রেই গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।