মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজারের রামু উপজেলায় একটি অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেট গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রামু রাবারবাগান এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) ও ঢাকার দারুসসালাম থানার উর্মি আক্তার (১৮)। অভিযান চালিয়ে সাদা রঙের একটি টয়োটা গাড়ি থেকে তিনটি থলের ভেতর থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল নজিরবিহীন এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা।

আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদপত্র ও ট্যাক্স টোকেন জব্দ করা হয়েছে। অভিযানে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে ডিএনসি। রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান। বিকেলে গ্রেপ্তার তিনজনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান উপপরিচালক সোমেন মণ্ডল।