গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তাঁর এই সফরের উদ্দেশ্য হলো নারীবিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে অংশগ্রহণ, যা ১২ ও ১৩ জুলাই ২০২৬ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আকিল মালিক। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। মন্ত্রীর সহধর্মিণী চিকিৎসক শরীফা করিম স্বর্ণা তাঁর সফরসঙ্গী হিসেবে ইসলামাবাদে এসেছেন।
প্রতিনিধিদলে আরও রয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব মো. মাহমুদুল হক।
ইসলামাবাদে অবস্থানকালে মন্ত্রী ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মন্ত্রী উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

