নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে কারামুক্ত হওয়ার প্রায় দুই মাস পর একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন তিনি। শুনানি শেষে আদালত তাঁর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করেন। ফলে মামলাটির বিচার শুরুর আগ পর্যন্ত তাঁর পক্ষে আইনজীবী আদালতে হাজির হতে পারবেন।

সদর মডেল থানা–পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা এই মামলায় আইভীর আইনজীবী ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, একই মামলায় দাখিল করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। ওই অভিযোগপত্রে আইভীসহ মোট ৬৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, 'আমি সব সময় নারায়ণগঞ্জে হত্যা, অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই নাকি অপরাধী। যা–ই হোক, এটার বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তাঁরা দেখবেন।'

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এ মামলার এজাহারে সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। তবে গত বছরের ১৮ নভেম্বর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আইভী দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ। এ কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

গত ৩ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আইভী। এরপর তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসভবনে ফিরে আসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে মোট ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।

দুই দফায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নতুন কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেওয়া হলে তাঁর মুক্তির আইনি জটিলতা দূর হয়। সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি। সর্বশেষ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।