যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাহফুজুল হক (৪৩)। তিনি জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ডোরড্যাশ’-এর জন্য কাজ করতেন। গত মঙ্গলবার রাতে স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ ঘটনা ঘটে।

ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাহফুজুলকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথার পেছনে গুলির আঘাত ছিল। পাশেই ইঞ্জিন চালু অবস্থায় একটি গাড়ি এবং ‘ডোরড্যাশ’-এর একটি বড় ডেলিভারি ব্যাগ পড়ে ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে কাছাকাছি দূরত্বে রাইফেলের দুটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে। পুলিশের ধারণা, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কালো পোশাক পরা মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের ছবি এখনো প্রকাশ করা হয়নি।

নিহত ব্যক্তির গাড়িটি ঘটনাস্থলে ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। পুলিশ যে ঠিকানায় তিনি খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে খোঁজ নিয়ে জানতে পারে, ওই বাসিন্দাদের কেউ ‘ডোরড্যাশ’-এ কোনো অর্ডার করেননি। ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে খাবারসহ আরেকটি ব্যাগ পাওয়া গেলেও তা গুলির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা নিশ্চিত নয়।

‘ডোরড্যাশ’-এর এক মুখপাত্র বিবৃতিতে জানান, প্রাণঘাতী এই ঘটনায় তারা পুলিশকে পূর্ণ সহযোগিতা করছে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংবাদমাধ্যম মাহফুজুলকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেছে। ঘটনার তথ্য থাকলে ফিলাডেলফিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ বা অনলাইনে বেনামে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।