গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থীর তৈরি কাগজের উড়োজাহাজ। ‘প্রজেক্ট ইকারুস’ নামের এই দলের সঙ্গে ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ‘জ্যাকিডেল’। তাদের তৈরি এই কাগজের বিমানের ডানার বিস্তার ৬৫ দশমিক ৭৫ ফুট এবং দৈর্ঘ্য ২৩ ফুট। সম্পূর্ণ কাগজ ও আঠা দিয়ে তৈরি এই উড়োজাহাজে কোনো ধাতব কাঠামো বা যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। ইতালির বোলোনিয়ার ‘উই মেক ফিউচার’ মেলায় ‘বোলোনিয়াফিয়েরে’ স্থানে বোয়িং বিমানের আদলে তৈরি এই দানবটিকে আকাশে ওড়ানো হয়। উড়োজাহাজটি বাতাসে ভেসে প্রায় ১৯৩ দশমিক ৫ ফুট বা ৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে সরাসরি রেকর্ড বইয়ে নাম লেখায়। এর আগে ২০১৩ সালে জার্মানির ব্রাউনশভেইগ ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা এ রেকর্ডের মালিক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে খেতাব নিজেদের করে নেয় ইতালির এই দল। রেকর্ড গড়ার পর প্রকল্প ইকারুসের শিক্ষার্থীরা জানান, সবকিছু শুরু হয়েছিল ক্লাসের মধ্যে মজার ছলে কাগজের উড়োজাহাজ বানানো দিয়ে। তারা বিশ্বাস করতেন, সঠিক পদ্ধতি জানা থাকলে এক টুকরো কাগজকেও প্রকৃত ইঞ্জিনিয়ারিংয়ে রূপান্তর করা সম্ভব। মাসের পর মাস পড়াশোনা, সিমুলেশন, একের পর এক ভুল ও নতুন করে শুরুর গল্প শেষে সাফল্য এসেছে। ক্লাসরুমের সেই পরিচিত কাগজের উড়োজাহাজ শিক্ষার্থীদের স্বপ্ন ও মেধার জোরে স্থান পেয়েছে বিশ্ব রেকর্ডের পাতায়।