সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম শারাফাত শারিক (রোহান), তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ও শিক্ষার্থীদের বরাত থেকে জানা যায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি পোস্টের মাধ্যমে শারাফাত শারিক জুলাই আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি করেন। পোস্ট দুটি ভাইরাল হলে হল সংসদের নেতারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

প্রক্টর কার্যালয়ে আটক অবস্থায় শারাফাত শারিক দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত নন এবং কারও প্ররোচনায় ওই পোস্ট দেননি। তিনি বলেন, 'কয়েকটি শব্দ ব্যবহার করা আমার অনুচিত হয়েছে। আমার উদ্দেশ্য জুলাই আন্দোলনকে লক্ষ্য করে মন্তব্য করা ছিল না; মুক্তিযুদ্ধ নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে শব্দচয়নে ভুল হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস ছাত্তার জানান, জুলাই নিয়ে কটূক্তির অভিযোগে ওই শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইনে ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী।