নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক তরুণ সিএনজিচালিত অটোরিকশা চালককে জোরপূর্বক তুলে নিয়ে পায়ে গুলি করার ঘটনা ঘটেছে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এই হামলার শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাব্বি হোসেন ওরফে রাকিব (২২) আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার রাত ৯টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, রাতে চন্দ্রগঞ্জ পূর্ববাজার থেকে কেনাকাটা শেষে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। অটোরিকশাটি আলাইয়াপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে চার যুবক তার গতি রোধ করে। এরপর তারা তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। রাব্বি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর তার ডান পায়ের হাঁটুর পাশে গুলি করা হয়। একপর্যায়ে সুযোগ বুঝে পাশের ডোবায় লাফ দিয়ে তিনি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান।

তার অভিযোগ, তার ইউনিয়নেরই চার তরুণ এ ঘটনার সাথে জড়িত। তারা আগে থেকেই তার কাছে চাঁদা দাবি করছিল। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে রাতভর অভিযান চালিয়েও অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।