কর্মজীবনের শুরুতে সঠিক যোগাযোগ বা ঝকঝকে সার্টিফিকেটের প্রয়োজন আছে বলে অনেকের ধারণা। তবে কখনও কখনও ‘হ্যাঁ’ বলা আর ভাগ্যের ছোঁয়াই দরজা খুলে দেয়। ফেডেক্সের প্রধান নির্বাহী রাজ সুব্রামানিয়ামের জীবনেই তার প্রমাণ মেলে। ১৯৯১ সালে, টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করার সময়ে চাকরির বাজার ছিল ভীষণ রুগ্ণ। সে সময় মার্কিন মন্দায় বেকারত্ব ৭% ছাড়িয়েছিল, নিয়োগ কমে গিয়েছিল। সুব্রামানিয়ামের কাছে একটি সুযোগ এল অপ্রত্যাশিতভাবে। তার রুমমেট, যে ভারত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ফেডেক্সের ডাকা একটি সাক্ষাৎকার গ্রহণ করেনি। ফোন রেখে দেওয়ার পর সুব্রামানিয়াম নিজেই সেই নম্বরে কল করে নিয়োগকারীকে বলেন, ‘আমার রুমমেট সাক্ষাৎকার দিতে চায় না, কিন্তু আমি এখানে আছি। আমি কি আমার জীবনবৃত্তান্ত পাঠাতে পারি?’ নিয়োগকারী সম্মতি দেন। এই একটি ফোন কলই তার ক্যারিয়ারের সূচনা করে। মেমফিসে ফেডেক্সের বৈশ্বিক সদর দপ্তরে যোগ দিয়ে তিনি সর্বনিম্ন স্তরের সহযোগী হিসেবে কাজ শুরু করেন। দ্রুতই তার প্রতিভা চোখে পড়ে অন্যদের। ধারাবাহিকভাবে বড় আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত হংকং থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিপণন তদারকি করেন। সুব্রামানিয়ামের মতে, তার তিন দশকের উত্থানের পেছনে ছিল নতুন সুযোগে ‘হ্যাঁ’ বলার অভ্যাস। তিনি বলেন, ‘প্রায় প্রতিটি চাকরিই পেয়েছি কেউ না কেউ বলার কারণে—‘আমি চাই তুমি এটা করো।’ একাধিক সুযোগ এসেছে, আমি শুধু নিয়েছি।’ ২০০৩ সালে ফেডেক্স কানাডার আঞ্চলিক সভাপতি হওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান নির্বাহী হওয়ার কথা ভাবেননি। তখনই তিনি বুঝতে পারেন, ‘এটা কিছুতে নিয়ে যেতে পারে।’ এরপর কানাডার দায়িত্ব ছেড়ে তিনি ফেডেক্স কর্পোরেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (বিপণন ও যোগাযোগ) হন। ২০১৯ সালে প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন এবং মহামারিকালীন ই-কমার্স বুমে কোম্পানিকে নেতৃত্ব দেন। ২০২২ সালে ফেডেক্সের প্রতিষ্ঠাতা ফ্রেডেরিক স্মিথ তাকে প্রধান নির্বাহীর দায়িত্ব অর্পণ করেন। এই ঐতিহাসিক পদক্ষেপে কোম্পানির ৫০ বছরের ইতিহাসে তিনি দ্বিতীয় প্রধান নির্বাহী হন। তার দায়িত্ব গ্রহণের পর ফেডেক্সের শেয়ারের দাম ১০২% বেড়েছে, যা এসঅ্যান্ডপি ৫০০-কে ২৮ পয়েন্টে ছাড়িয়ে গেছে। তার ব্যয়-সাশ্রয়ী কৌশলের কারণে চলতি বছরেই ২ বিলিয়ন ডলার সাশ্রয়ের পথে রয়েছে কোম্পানি—লক্ষ্যের দ্বিগুণ। কোম্পানি তাকে কৃতিত্ব দিচ্ছে ফেডেক্সের পরিচালনা কৌশল পুনর্গঠন, ই-কমার্স ব্যবসা সম্প্রসারণ এবং সরবরাহ চেইন ডেটাকে কেন্দ্র করে নতুন অধ্যায় শুরু করার জন্য। সুব্রামানিয়ামের পরামর্শ: ‘কেউ যদি কোনো কোম্পানির প্রধান নির্বাহী হতে চায়, তবে তাকে প্রথমে বুঝতে হবে এর জন্য কী দরকার। সত্যিই কি তারা এটি চায়? এটি বড় প্রশ্ন, যার উত্তর প্রত্যেককেই নিজেকে দিতে হবে, কারণ এর সঙ্গে অনেক চাপ ও ত্যাগ জড়িত।’