দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল–২০২৬’ কণ্ঠভোটে গৃহীত হয়, যা ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’কে রহিত করে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করেন এবং আলোচনা শেষে তা পাস হয়।

বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও সেসব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি অনুমোদিত হয়। উল্লেখ্য, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হলেও তা কখনো কার্যকর হয়নি। ওই আইনটি ২০০১ সালের ১৫ জুলাই গেজেট আকারে প্রকাশিত হলেও প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

নতুন আইনের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী সংসদে জানান, বর্তমান সরকার বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চার প্রসার ঘটবে বলেও তিনি উল্লেখ করেন।

আইনটি পাসের ফলে বগুড়া অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ও আঞ্চলিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।