ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রশাসনিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈন্যু মারমা এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।
আদেশে আরও বলা হয়েছে, তাঁদেরকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার ও সংযুক্তির এই নির্দেশ ২২ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রশাসনিক কারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।




