প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, তাঁর কাছে এ বিষয়ে কোনো আপডেট নেই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন কোনো দেশে সফর করবেন, তখন সেটি তাঁর কার্যালয় থেকে জানানো হবে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।
ভারত ২১ আগস্টকে তারেক রহমানের সফরের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। পাশাপাশি, নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের এই সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
তবে তারেক রহমানের সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে ঢাকা। বাংলাদেশ মনে করছে, অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হস্তান্তর এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এখন এসব বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ভারতের উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা।




