জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন (২২) ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলেন। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। একটি পাথর জানালা ভেদ করে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে সাব্বিরের ডান চোখে আঘাত করে। এতে তার চোখে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পর ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছালে বিকেল সাড়ে চারটার দিকে আহত যাত্রীকে নামিয়ে আনা হয়। তাকে প্রথমে কামারখন্দ উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান। জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাকিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাথর নিক্ষেপের ফলে যাত্রীর ডান চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে বাজার স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত চলছে।