ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রনিউরশিপের জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ সম্প্রতি ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। গত ১৬ জুলাই ক্যাম্পাসের ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপলক্ষে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক আফনান ইউসুফ ও জেরিন মমতাজ চৌধুরী। বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক তামিম, সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড ও এসবিইয়ের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাইসুল আওয়াল মাহমুদ।
প্যানেল আলোচনা পরিচালনা করেন বিভাগের প্রধান ও বিশ্বখ্যাত সাপ্লাই চেইন বিশেষজ্ঞ অধ্যাপক মো. মামুন হাবিব। তিনি বর্তমান প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিম আফরোজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান ও বিশ্বব্যাংকের পার্টনার মো. মাহবুব আলম।
আলোচনায় একাডেমিয়া ও শিল্প খাতের বিদ্যমান ব্যবধান দূরীকরণ, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইনের বিবর্তন, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এ খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হোসনে আরা আলী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


