বাংলাদেশের বাজারে সবচেয়ে পাতলা বই-ধাঁচের ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ‘ম্যাজিক ভি৬’ নিয়ে হাজির হয়েছে অনার। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে শনিবার জানানো হয়, অত্যন্ত সরু নকশা, টেকসই গড়ন ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাসম্পন্ন ডিভাইসটি ফোল্ডেবল ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভাঁজ করা অবস্থায় ফোনটির পুরুত্ব ৮.৭৫ মিলিমিটার, আর খুললে তা কমে দাঁড়ায় মাত্র ৪ মিলিমিটারে। যন্ত্রটির ওজন প্রায় ২১৯ গ্রাম।

শুধু চিকন ও হালকাই নয়, টেকসইতায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিদর্শন ও সার্টিফিকেশন প্রতিষ্ঠান এসজিএস-এর পরীক্ষায় ফোনটির হিঞ্জ আগের চেয়ে তিন গুণ বেশি মজবুত প্রমাণিত হয়েছে, যা পাঁচ লাখ বার পর্যন্ত ভাঁজ ও খোলা সহ্য করার সক্ষমতা রাখে। সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের মতো ভাঁজ করা অবস্থায় ফোনটির বাইরের পর্দা ৬.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের। ডিভাইসটি খোলা হলে ভেতরে মেলে ধরা হয় ৭.৯৫ ইঞ্চির বড় ওয়ার্কস্পেস।

পেশাজীবীদের কথা মাথায় রেখে অভ্যন্তরীণ এই বড় পর্দাটিতে স্প্লিট-স্ক্রিনের সুবিধা রেখেছে অনার, যাতে একই সঙ্গে মাল্টিটাস্কিং করা সহজ হয়। অনলাইন মিটিং ও নোট নেওয়ার কাজ একই প্রদর্শনীতে করা যায়। বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সংযোগের প্রতিবন্ধকতাও কমিয়ে আনা হয়েছে। অ্যাপল ডিভাইসের সাথে এক ট্যাপে ফাইল শেয়ার করা ছাড়াও, ম্যাকবুকের সাথে যুক্ত করে ফোনটির স্ক্রিনকে সেকেন্ডারি প্রদর্শনী হিসেবেও ব্যবহার সম্ভব।

ব্যাটারি প্রযুক্তিতে এসেছে নতুনত্ব। ম্যাজিক ভি৬ এ ব্যবহার করা হয়েছে ৬,৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি, যা ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে অন্যতম বৃহৎ। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদান ব্যবহারের ফলে কম জায়গায় বেশি শক্তি ধারণক্ষমতা অর্জন করা গেছে। আলোকচিত্র ধারণের জন্য এতে এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম যুক্ত হয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে আছে ৬৪ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত পেরিস্কোপ টেলিফটো লেন্স। ফলে স্বল্প আলোর পরিবেশেও ছবি তুলনামূলকভাবে স্পষ্ট আসবে।

কর্মক্ষমতার জন্য ফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইট র্যাম, ৫১২ গিগাবাইট জমার যায়গা ও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, যা এটিকে বাজারের শীর্ষ ফ্ল্যাগশিপ ফোনের কাতারে ফেলে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য এটি ফোল্ডেবল ফোনগুলোর মধ্যে প্রথম যা আইপি৬৮ ও আইপি৬৯ উভয় রেটিং প্রাপ্ত। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও উল্লেখ করেন, ব্যবহারকারী যাতে নকশা, স্থায়িত্ব ও পারফরম্যান্সের মধ্যে কোনো আপস না করেন, সেই দর্শনেই ম্যাজিক ভি৬ তৈরি হয়েছে। লাল, সাদা ও সোনালি রঙে পাওয়া যাবে ফোনটি, যার মূল্য ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।