শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ৪৪তম গ্র্যাজুয়েশন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুলাই রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্স অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 'এভরি স্টিচ টেলস আওয়ার স্টোরি'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের চার বছরের অর্জিত শিক্ষা, গবেষণা ও কারিগরি দক্ষতার পরিচয় দিয়েছেন পাঁচটি ভিন্ন থিমের মাধ্যমে।

প্রথম কিউ 'দ্য আরবান গ্রেস' শহুরে জীবনের সহজ সৌন্দর্য ও আধুনিক নগরজীবনের কথা বলে। কো-অর্ড সেট, ব্লেজার, জ্যাকেট, শার্ট, ড্রেস ও ট্রাউজার্সের নিখুঁত টেইলরিং ও স্ট্রাকচার্ড ডিটেইলিং দর্শকদের নজর কেড়েছে। এর শোস্টপার ছিল ম্যাক্রেম অনুপ্রাণিত 'নটেড হরাইজনস' কালেকশন। দ্বিতীয় কিউ 'থ্রেডস অব হেরিটেজ' এ স্থান পেয়েছে বাংলাদেশের লোকঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদান। গাজীর পট, নকশি পিঠা, টেরাকোটা, যামিনী রায়ের আর্ট, টেপা পুতুল— এসব চিরায়ত মোটিফ হ্যান্ড এমব্রয়ডারি, ডিজিটাল আর্টওয়ার্ক ও সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয়জনদের পুরনো শাড়ি ও ওড়না রিসাইকেল করে তৈরি হয়েছে শতরঞ্জি অনুপ্রাণিত একটি বিশেষ সংগ্রহ, যা এই কিউয়ের শোস্টপার হিসেবে প্রদর্শিত হয়।

তৃতীয় কিউ 'স্ট্রিট সিম্ফনি' তে গ্রাফিতি, স্থাপত্য ও বহুসাংস্কৃতিক জীবনধারা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ওভারসাইজড সিলুয়েট, লেয়ারিং, কালার ব্লকিং ও প্যাচওয়ার্কের নিরীক্ষাধর্মী ব্যবহার স্ট্রিটওয়্যারকে নতুন মাত্রা দিয়েছে। এই কিউয়ের শোস্টপার 'ফ্রিডম টু ফিল' পপ আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে আত্মপ্রকাশের স্বাধীনতাকে তুলে ধরেছে। চতুর্থ কিউ 'মুনলিট এলিগ্যান্স' নাটকীয় গাউন, কেপ ও ভলামনাস স্কার্টে রাতের আভিজাত্যের গল্প বলেছে। এর শোস্টপার 'হেরিটেজ হুইসপার্স' ঐতিহাসিক অ্যাম্বার প্যালেসের নান্দনিকতাকে পোশাকে ধারণ করেছে। পঞ্চম ও শেষ কিউ 'ইটারনাল ব্লুম' ফেস্টিভ ও ব্রাইডালওয়্যারের ওপর ভিত্তি করে তৈরি। বেনারসি, সাটিন ও আর্টিফিশিয়াল সিল্কের ব্যবহার এনেছে রাজকীয় আবহ। সুজানি, কলমকারি, তাজমহলসহ নানা মোটিফের প্রয়োগ লক্ষ করা গেছে। এই কিউয়ের শোস্টপার হিসেবে একটি লেহেঙ্গা–ক্রপ টপ কালেকশন প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেছেন বিভাগটির শিক্ষার্থী আরবিন তপু। আর র‍্যাম্পে হাঁটা মডেলরাও পেশাদার নন; তারাও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফুর রহমান। এসএমইউসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুল হক, রেজিস্টার ড. মশিউর রহমান ও উপাচার্য শাহ-ই-আলম অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। উপরন্তু, খ্যাতনামা ডিজাইনার ও তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশ নিয়ে অনুজদের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।