সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বইয়ের একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পোজ দিচ্ছিলেন বলিউড অভিনেত্রী জারিন খান। এ সময় এক আলোকচিত্রী তাঁকে পোশাকটি পরে দেখানোর অনুরোধ জানান। জারিন সঙ্গে সঙ্গেই এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সামনে? সেটা হবে না।’
তিনি আরও কড়া ভাষায় আলোকচিত্রীদের উদ্দেশে বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের বাজে কথা বলবেন না। আমি এমন মানুষ নই, যে এসব সহ্য করবে। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’ ঘটনাটি ঘটে গত সোমবার (১৩ জুলাই) মুম্বইয়ে একটি ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে ব্র্যান্ডের নতুন ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে আলোকচিত্রীদের জন্য পোজ দিচ্ছিলেন জারিন। সেই মুহূর্তে এক পাপারাজ্জির এই মন্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই জারিনের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করেন। একজন লেখেন, ‘জারিন ঠিকই করেছেন। এ ধরনের মন্তব্যের প্রতিবাদ করা উচিত।’ আরেকজন প্রশ্ন তোলেন, ‘পাপারাজ্জিরা কীভাবে এমন কথা বলতে পারেন?’ অনেকে মনে করেন, ‘তিনি মেজাজ হারাননি; বরং নিজের সম্মান রক্ষা করেছেন। এমন আচরণ কখনোই স্বাভাবিক নয়।’
এদিকে জারিনের অভিনয় জীবন সম্পর্কে জানা যায়, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। ছবিটি বক্স অফিসে সফল না হলেও তার অভিনয় নজর কাড়ে। সে সময় তার চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পান অনেকে। এরপর তিনি ‘রেডি’ সিনেমার ‘ক্যারেক্টার ঢিলা’ গানে সালমানের সঙ্গে নাচেন। এছাড়াও ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’, পাঞ্জাবি ছবি ‘জাট জেমস বন্ড’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। সবশেষ ২০২১ সালে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ সিনেমায় তাকে দেখা যায়। বর্তমানে বড় পর্দায় খুব বেশি সক্রিয় না থাকলেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিত থাকেন।


