হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলা ও পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বর থেকে একটি প্রতিবাদী পদযাত্রা বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়, সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জের ওই পদযাত্রায় হামলায় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। ভিডিও ফুটেজের ভিত্তিতে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত আটকের দাবি জানানো হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, 'তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান।” কিন্তু গত পাঁচ মাসে তারেক রহমানের প্ল্যানের মূল অংশ হয়ে দাঁড়িয়েছে জনগণকে বাকরুদ্ধ করা। আমরা দেখেছি কীভাবে সভা-সমাবেশে আক্রমণ চালানো হচ্ছে।' হবিগঞ্জের ঘটনার উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে এনসিপির নেতাদের দমাতে না পেরে শেষ পর্যন্ত তাদের সামনে ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের আমলে বালুর ট্রাক সরানো না গেলেও এনসিপি খালি ট্রাক সরাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রদলকে উদ্দেশ করে আবু বাকের বলেন, 'আমরা ছাত্রদলের রাকিব ভাইকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যেভাবে সাদাসিধা ভাব ধরেন, সেই ভান ত্যাগ করুন। আপনার সন্ত্রাসী বাহিনী ছাত্রদল ক্যাম্পাসে ক্যাম্পাসে ও সারা দেশে সন্ত্রাস চালাচ্ছে, তাদের থামান। অন্যথায় আপনাদের প্রত্যেককে দেখে নেওয়া হবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, 'তারেক রহমানের হাসিনা হওয়ার যে প্রবণতা, তার আরেকটি রূপ আমরা আজ দেখলাম। ভিন্নমত দমানোর জন্য হাসিনার মতো কায়দায় ট্রাক দিয়ে এনসিপির সমাবেশ আটকানোর চেষ্টা করা হয়েছে।' তিনি আরও অভিযোগ করেন, সরকার জনগণের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিশুদের নিয়ে 'স্টান্টবাজি' চলছে, অন্যদিকে দলের সন্ত্রাসীরা বাচ্চাদের দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনটি হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।