মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় অবস্থিত একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে স্থানীয় লোকজন খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিহাব সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে এক মাছ ব্যবসায়ীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে সে তার নানার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার ভোর সাতটার দিকে জাগীর এলাকার একটি মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কিশোরের লাশ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মাছ ব্যবসায়ী মনির হোসেন জানান, সিহাব তার দোকানে কর্মচারীর কাজ করত। গতকাল ছুটি নেওয়ায় সে কাজে আসেনি। শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।