চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় অবস্থিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পৈতৃক ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এই ঘটনা ঘটে। মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। জানা গেছে, প্রায় দুই বছর ধরে ওই ভবনে মহিবুলের পরিবারের কোনো সদস্য বসবাস করছেন না।
পুলিশ সূত্রে জানা যায়, ছয় থেকে সাতজন মাস্ক পরিহিত ব্যক্তি রাতের অন্ধকারে ওই ভবনের দ্বিতীয় তলার বারান্দায় জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেন। এরপর তারা সেখানে একটি পটকা ফাটায়। পটকার বিকট শব্দে এলাকাবাসী জড়ো হলে দুষ্কৃতিকারীরা সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এবং পুলিশ মিলে আগুন নিভিয়ে ফেলেন।
এই ঘটনার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ছয়জন মাস্কধারী ব্যক্তি ভবনের সামনে অবস্থান করছেন, যাদের একজনের হাতে একটি বস্তা রয়েছে। আরেকটি ছবিতে একজন ব্যক্তিকে দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপর একটি ছবিতে ভবনের বেলকনিতে আগুন জ্বলতে দেখা গেছে। এসব ছবি শেয়ার করেছেন মহিবুল হাসানের ভাই এবং মহিউদ্দিন চৌধুরীর আরেক ছেলে বোরহানুল হাসান।
স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী অংশ নিয়েছিলেন এবং ফেসবুক আইডিতে সেই ভিডিও শেয়ার করার জেরেই এই হামলা চালানো হয়েছে। এলাকাবাসী আরও জানান, গত বছরের ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদীর মৃত্যুর সংবাদের পরও এই ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, মাস্ক পরা কয়েকজন ব্যক্তি ভবনের বেরিয়ে থাকা অংশে আগুন দিয়ে একটি পটকা ফাটায়। স্থানীয় লোকজন বেরিয়ে এলে তারা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।




