ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়া বাবদ ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এই রিটটি করেন। তিনি ‘ময়লা টানেন তাঁরা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামে গত ১৮ মে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন এবং এ বিষয়ে ওই পত্রিকায় প্রকাশিত অন্যান্য প্রতিবেদন যুক্ত করে রিটটি দাখিল করেন।
আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে, যেখানে বর্জ্য সরানো ও হস্তান্তরসহ কয়েকটি খাত রয়েছে। হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে ময়লা অপসারণ হিসেবে ইতিমধ্যেই একবার ফি নেওয়া হচ্ছে। ফলে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন প্রতি মাসে পৃথক টাকা নিতে পারে না; এটি বেআইনি। তিনি আরও জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়েই এই রিট করা হয়েছে।
বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রিট আবেদনকারী এই আইনজীবী। এর আগে গত ১০ জুন তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক আবেদন দেন, যাতে সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ময়লার বিল উত্তোলন বন্ধের অনুরোধ জানানো হয়। সেই আবেদনে ফল না পাওয়ায় চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বরাবর একটি আইনি নোটিশ পাঠান। নোটিশের মাধ্যমেও কোনো ফল না আসায় অবশেষে রোববার হাইকোর্টে রিটটি দায়ের করেন বলে জানান সালাহ উদ্দিন রিগ্যান।




