জুলাই গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে গেছে। রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ বিষয়ে আদেশ দেন। নতুন করে আগামী ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে থাকা আসামি ফুরকান হোসেনকে আজ আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানায়। একই সঙ্গে আসামিপক্ষও সময় চেয়ে আবেদন করে। পরে আদালত উভয় আবেদন মঞ্জুর করে ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন। আইনজীবী আরও বলেন, মামলার ৩৪ আসামির মধ্যে বর্তমানে কারাগারে থাকা চারজনকে আজ আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আটজন উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এর আগে গত ২৫ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। ওই দিনও রাষ্ট্রপক্ষ শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করলে বিচারক আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। তবে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় তা পিছিয়ে ১৩ আগস্ট ধার্য করা হলো।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় মো. হোসেনকে। তার মা রীনা বেগম একই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ২৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে উল্লেখিত অপর আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ। বর্তমানে পলকসহ চার আসামি কারাগারে আছেন, আটজন জামিনে রয়েছেন এবং অন্যরা পলাতক।