গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় ডিটারজেন্টের অবস্থান শীর্ষে। দোকানের তাকে নানা রঙের প্যাকেট দেখে সাধারণ ক্রেতারা প্রায়শই দ্বিধায় পড়ে যান—কোনটি সত্যিই কার্যকর? বহু মানুষের মনে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে, ফেনা যত বেশি, কাপড় তত ভালো পরিষ্কার হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। পরিষ্কার–পরিচ্ছন্নতার পাশাপাশি পোশাকের স্থায়িত্ব, ত্বকের যত্ন ও ওয়াশিং মেশিনের কার্যক্ষমতা বজায় রাখতে ডিটারজেন্ট বাছাই ও ব্যবহারের কিছু মৌলিক নিয়ম মেনে চলা জরুরি।

ডিটারজেন্ট নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ফেনা তৈরির সঙ্গে কাপড় পরিষ্কারের সম্পর্ক খুবই নগণ্য। আসলে পরিষ্কারের মূল কাজটি করে ডিটারজেন্টের অভ্যন্তরে থাকা রাসায়নিক উপাদান। অযথা বেশি ফেনা তৈরি হলে কাপড় থেকে সাবান ধুয়ে ফেলতে বেশি পানি ও সময় লাগে। ফেনা কাপড়ের আঁশে থেকে গেলে ধীরে ধীরে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাই ধোয়ার মাধ্যম অনুযায়ী সঠিক ডিটারজেন্ট বেছে নেওয়া উচিত।

হাত দিয়ে কাপড় ধোয়ার জন্য বিশেষ ধরনের ডিটারজেন্ট তৈরি করা হয়, যা দ্রুত ফেনা তৈরি করে। অন্যদিকে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের জন্য কম ফেনার লিকুইড বা ম্যাটিক পাউডার প্রয়োজন। বেশি ফেনা হলে ফ্রন্ট লোড মেশিনের ড্রাম ও মোটরের ক্ষতি হতে পারে। টপ লোড মেশিনের জন্য মধ্যম মাত্রার ফেনার ডিটারজেন্ট ব্যবহার করতে হয়।

পাউডার ও তরল—এই দুই ধরনের ডিটারজেন্টের নিজস্ব সুবিধা রয়েছে। পাউডার ডিটারজেন্ট কাদা, ধুলাবালি ও ভারী ময়লা দূর করতে বেশি কার্যকর ও সাশ্রয়ী। অন্যদিকে তরল ডিটারজেন্ট তেল, মসলা বা গ্রিসের দাগ দূর করতে ভালো কাজ করে। এটি পানিতে দ্রুত গলে যায় এবং সুতি ও রঙিন কাপড়ের রং ধরে রাখতে সহায়তা করে।

ডিটারজেন্টের প্যাকেটের গায়ে লেখা উপাদানগুলোর দিকেও নজর দেওয়া জরুরি। প্রোটিয়েজ, অ্যামাইলেজ বা লাইপেজের মতো এনজাইমযুক্ত ডিটারজেন্ট রক্ত, ডিম, দুধ বা ঝোলের দাগ তুলতে বিশেষ ভূমিকা রাখে। অপটিক্যাল ব্রাইটনার কাপড়কে চোখে সাদা ও উজ্জ্বল দেখালেও সংবেদনশীল ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে।

পরিবারের সদস্যদের, বিশেষ করে ছোট শিশুদের ত্বকের সুরক্ষার জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। সাধারণ ডিটারজেন্টের তীব্র ক্ষার শিশুদের ত্বকে ফুসকুড়ি বা র্যাশ সৃষ্টি করতে পারে। তাই শিশুদের কাপড়ের জন্য ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ এবং সুগন্ধিমুক্ত মৃদু লিকুইড ডিটারজেন্ট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

সঠিক মাত্রায় ডিটারজেন্ট ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনের চেয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় বেশি পরিষ্কার হয় না; বরং তা কাপড়ের সুতায় জমে থেকে কাপড়কে খসখসে ও শক্ত করে ফেলে। তাই সব সময় প্যাকেটের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত পরিমাপক ক্যাপ বা চামচ দিয়ে মেপে ডিটারজেন্ট ব্যবহার করা উচিত।