বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী তাহমদ কবির প্রণয় সময়ের ক্ষণস্থায়ী ধারণাকে পোশাকের নকশায় ধারণ করেছেন। তাঁর ‘ওয়াচ থিম কালেকশন’-এ গাঢ় নীল ডেনিমের ওপর সময়ের প্রতীকী ভাষা রূপ পেয়েছে। নকশাগুলোতে ঘড়ির কাঁটা, ডায়াল, গিয়ার এবং ধাতব টেক্সচার প্রসভের যান্ত্রিক সৌন্দর্য ও শৃঙ্খলার ধারণা প্রকাশ করেছে।
এই কালেকশনের মূল আবেদন গাঢ় নীল ডেনিম। সেটির উপর সাদা গ্রাফিক মোটিফের মাধ্যমে সময়ের বিভিন্ন উপলানকে স্পল করে তোলা হয়েছে। উদাহরণস্বরূপ, একটি অফ-শোল্ডার এ-লাইন ড্রেসের বুকজুড়ে বিরাট আকারের ঘড়ির ডায়াল দৃষ্টি আটকায়। অন্যদিকে, স্ট্র্যাপলেস ফিটেড ড্রেসের সামনের ভাগে রোমান সংখ্যাসহ টাইমপিসের নকশা সময় ও পোশাকে একীভূত করেছে।
পরীক্ষাধর্মী নকশার ছাপেও ভিন্নতা এনেছেন ডিজাইনার। একটি ওয়ান-শোল্ডার মিনিড্রেসে বালুঘড়ির মোটিফ সময়ের অনবরত ধারাকে প্রতীকী করেছে। আবার একটি ওয়ান-শোল্ডার টপ এবং ট্রাউজারে বড় ঘড়ির ডায়ালের পাশাপাশি ট্রাউজারের গায়ে ‘ওয়ান ডে অ্যাট আ টাইম’ কথাটি কালেকশনের মূল ভাবনাকে আরও অর্থপূর্ণ করেছে। টাইপোগ্রাফিক নকশার ক্রপ টপ, ভলিউমিনাস লেয়ার্ড স্কার্ট, এবং ঘড়ির কাঁটা ও সংখ্যার গ্রাফিক মোটিফে সজ্জিত টপ-ট্রাউজার সেট সংগ্রহটিতে একাধুনিক ও পরীক্ষামূলক মাত্রা যোগ করেছে।
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের চেষ্টাও এই আয়োজনে চোখে পড়ে। প্রচলিত ঢঙের সঙ্গে সাম্প্রতিক ফ্যাশনের অনুষঙ্গ মিশিয়ে যে পোশাকগুলো নির্মিত হয়েছে, সেগুলো কেবল রানওয়ের প্রদর্শনীর জন্য নয়, বরং দৈনন্দিন জীবনেও স্টাইল স্টেটমেন্ট হয়ে ওঠার ক্ষমতা রাখে।
ডিজাইনার প্রণয়ের বক্তব্যে উঠে আসে, এই কালেকশনটি তাদের জন্য যারা সময়কে শুধু ঘড়ির কাঁটায় আবৃত সংখ্যা হিসেবে দেখেন না, বরং জীবনের মূল্যবান এক অংশ হিসেবে গণ্য করেন। তার ধারণা, সময়ই মানুষের পরিচয়, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস নির্মাণ করে। সেই ভাবনাকে ধারণ করেই প্রতিটি ডিজাইনে আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং সমসাময়িক রুচির প্রকাশ ঘটানোর চেষ্টা করা হয়েছে।




