নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির জমা দেওয়া নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৭৩৩ টাকা। অপরদিকে, ওই সময়ে দলটির মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৯ টাকা। ফলে বছরের শেষে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় দলটির ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৬৬ টাকা।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দেন। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, 'নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরা আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান মেনে চলি। নির্ধারিত সময়সীমার মধ্যেই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার যে ধারাবাহিকতা এবি পার্টি রক্ষা করে আসছে, তা অব্যাহত রয়েছে।'

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ও রমনা থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী। দলটির পক্ষ থেকে বার্ষিক এই হিসাব জমা দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধতা ও আইনি প্রক্রিয়া অনুসরণের নজির স্থাপন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।