ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ১১ কাস্টমস কর্মকর্তার জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান। তিনি জানান, আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গত ১৬ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন আদালত তাদের জামিন বর্ধিত করে নির্ধারিত তারিখ পর্যন্ত বহাল রেখেছিলেন। তবে আজ তারা স্থায়ী জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের তালিকায় রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মো. জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার ও মো. মঞ্জুরুল হক এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ও বাসুদেব পাল।
মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, পাঁচটি দেশে রপ্তানির নামে সাড়ে ১৮ কোটি টাকা মানি লন্ডারিং ও প্রণোদনার ৩ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১ কাস্টমস কর্মকর্তাসহ ২৬ জনের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরে পণ্য রপ্তানি দেখিয়ে 'দো এম্পেক্স লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ১৮ কোটি টাকা ব্যাংকে জমা করেন। শুধু তাই নয়, ৩৪টি রপ্তানি চালানের মূল্য বাবদ প্রণোদনা হিসেবে প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে। অথচ বাস্তবে কোনো রপ্তানি হয়নি।
মামলায় আরও উল্লেখ করা হয়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে দো এম্পেক্স লিমিটেড মোট ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে সরকারি প্রণোদনা গ্রহণ করে। এর মধ্যে সাতটি বিল অব এক্সপোর্টের বিপরীতে কৃষিজাত পণ্য রপ্তানির সত্যতা পাওয়া গেলেও বাকি ৩৪টির বিপরীতে কোনো পণ্য বিদেশে রপ্তানি করা হয়নি। অথচ রপ্তানির বিপরীতে অগ্রিম হিসেবে পুরো অর্থ অর্থাৎ ২২ লাখ ১৮ হাজার ১৭ দশমিক ৪৪ মার্কিন ডলার অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করা হয়েছে, টাকার অঙ্কে যার পরিমাণ ১৮ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৪০৪ টাকা। ভুয়া রপ্তানি দেখিয়ে প্রতিষ্ঠানটি ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা নগদ প্রণোদনা উত্তোলন ও আত্মসাৎ করেছে বলে মামলায় অভিযোগ আনা হয়।



