বিশ্বব্যাপী দর্শকদের কাছে বিপুল সাড়া ফেলেছে ক্রিস্টোফার নোলানের সাম্প্রতিক চলচ্চিত্র ‘দ্য অডিসি’। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটিকে ঘিরে এই মুহূর্তে সৃষ্ট আলোড়নই এখন প্রতারকদের নতুন অস্ত্র হয়ে উঠেছে। সাইবার অপরাধীরা সিনেমাটি দেখার আগ্রহকে কাজে লাগিয়ে একাধিক ভুয়া ওয়েবসাইট চালু করেছে, যেখানে সিনেমাটি সম্পূর্ণ বিনামূল্যে দেখানোর প্রলোভন দেখানো হচ্ছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি। আজ সোমবার আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাসপারস্কি বাংলাদেশ এ বিষয়ে সতর্কতা জারি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকদের তৈরি এসব ওয়েবসাইটে ভুয়া রিভিউ ও রেটিং দেওয়া হয়েছে, যাতে সেগুলো বিশ্বাসযোগ্য মনে হয়। সাইটগুলোতে প্রবেশ করলে ব্যবহারকারীদের নাম, ই-মেইল ঠিকানাসহ নানা ধরনের ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়। এর ফলে ব্যবহারকারীদের বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হচ্ছে। বিভিন্ন ভাষায় তৈরি করা এই প্রতারণামূলক ওয়েবসাইটগুলোতে মূলত একই ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে।
ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা এ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, ‘দ্য অডিসি’র মতো বহুল প্রতীক্ষিত সিনেমা ঘিরে দর্শকদের উৎসাহকেই পুঁজি করার চেষ্টা করছে প্রতারক চক্র। তিনি আরও বলেন, যদি কোনো সিনেমা সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে থাকে এবং অপরিচিত কোনো ওয়েবসাইটে তা হঠাৎ বিনামূল্যে দেখার সুযোগ দেওয়া হয়, তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে হলে কেবলমাত্র অফিসিয়াল সেবার মাধ্যমেই কনটেন্ট দেখার পরামর্শ দেন তিনি।
এ ধরনের প্রতারণা এড়াতে ইন্টারনেট ব্যবহারকারীদের যেকোনো ওয়েবসাইটে প্রবেশের আগে তার ইউআরএল ও সত্যতা যাচাই করার আহ্বান জানানো হয়েছে ক্যাসপারস্কির পক্ষ থেকে। সিনেমা দেখার জন্য শুধুমাত্র অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করা, নির্দিষ্ট পেমেন্ট সেবা গ্রহণ করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের অ্যাকাউন্টগুলোর সুরক্ষা নিশ্চিতে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা চালু রাখার আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।




