বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স মেটার সাথে যৌথভাবে ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমি চালু করেছে, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীদের নতুন বাজারে প্রবেশে সহায়তা করবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই কর্মসূচির আওতায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মেটার বিভিন্ন ডিজিটাল টুল এবং এআই-চালিত প্রযুক্তি ব্যবহারের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা কীভাবে নতুন গ্রাহকদের কাছে পৌঁছানো যাবে, উৎপাদনশীলতা কীভাবে বাড়ানো যায় এবং বিপণন কার্যক্রম কীভাবে আরও কার্যকর করা যায় — সে সম্পর্কে ধারণা পাবেন। লাইটক্যাসল পার্টনার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি কর্মশালার আয়োজন এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে।
মেটার অ্যাসোসিয়েট পাবলিক পলিসি ম্যানেজার তেহারা পাঞ্চিহেওয়া বলেন, ছোট ব্যবসাগুলো কীভাবে তাদের এআই-চালিত টুল ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে এবং ব্যবসা সম্প্রসারণ করছে, তা মেটা নিয়মিত পর্যবেক্ষণ করে। ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন একাডেমির মাধ্যমে আরও বেশি উদ্যোক্তাকে এই টুলগুলো আত্মবিশ্বাসের সাথে ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতা ও সহায়তা দেওয়াই লক্ষ্য। এর ফলে তারা আরও কার্যকরভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে এবং ডিজিটাল অর্থনীতির নতুন সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম হবে।
উদ্যোগটি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকছে না। এশিয়া-প্রশান্ত অঞ্চলের মোট ১২টি দেশে এই একাডেমি পরিচালিত হবে। প্রাথমিকভাবে এই কর্মসূচির মাধ্যমে এশিয়া-প্রশান্ত অঞ্চলের ১০ হাজারেরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দেশের স্থানীয় বাজারের চাহিদা ও ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম বলেন, অংশীদারত্বমূলক এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ, গভীর দৃষ্টিভঙ্গি তৈরি এবং কাঠামোগত সহায়তা প্রদান। যাতে তারা প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসা গড়ে তুলতে পারে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নতুন গ্রাহক সৃষ্টির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করতে কাজ করবে এই একাডেমি।




