ক্ষমতা গ্রহণের পর থেকে গত ছয় মাসে সরকার আশাজাগানো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বহু প্রত্যাশা ও দায়বদ্ধতার মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও সেই প্রত্যাশা পূরণের কোনো লক্ষণ দেখা যায়নি। জুলাই সনদ বাস্তবায়নে ১৮০ দিনের বাধ্যবাধকতা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উচ্চকক্ষ গঠনের যে বাধ্যতামূলক সময়সীমা ছিল, সেটিও মানা হয়নি বলে উল্লেখ করেন গাজী আতাউর।

জনগণের রায়ের প্রতি এটি স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি আরও বলেন, প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারে প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শওকত আলী হাওলাদার। তারা তাদের বক্তব্যে সরকারের নীতিগত ব্যর্থতা এবং সংস্কার কার্যক্রমে গতি আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।