জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার সকালে তৃতীয় গেট সংলগ্ন বিশ্বজিৎ চত্বরের পদচারী–সেতুতে এই ঘটনা ঘটে। আগামীকাল ১৫ আগস্ট উপলক্ষে ওই স্থানে ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ স্লোগান লেখা ব্যানারটি টানানো হয়েছিল। খবর ছড়িয়ে পড়লে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালের নেতৃত্বে নেতা–কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি সরিয়ে পুড়িয়ে দেন।

ব্যানার টানানোর বিষয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক–ই–আতাহার মেসবাহ বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে গভীর শোকের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি মনে করিয়ে দেয় এই দিনটি। ইতিহাস কখনো ভুলে যাওয়ার নয়, এই দিনে শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যাশা তার। অন্যদিকে, ব্যানার পোড়ানোর ঘটনায় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন জানান, ছাত্রলীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন। ফলে ক্যাম্পাসে তাদের কোনো ধরনের প্রচার–প্রচারণা কিংবা কার্যক্রম চলবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আজম খান বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তিনি বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানার বা প্রচারণার সুযোগ নেই। এ বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষার পরিবেশ যেন বিঘ্নিত না হয় বা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। ক্যাম্পাসে কেউ যেন এমন কোনো কর্মকাণ্ড না করে, যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।