নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর গ্রামে এক টিন ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহকর্তা ও তার দুই ছেলে আহত হয়েছেন। স্থানীয় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাত ৩টা ২০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত এ ডাকাতি সংঘটিত হয়। মোফাজ্জল হোসেন (৬২) নামে ওই টিন ব্যবসায়ী সোনাপুর বাজারের ঢেউ টিনের ব্যবসায়ী। তিনি জানান, ভোর রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় হঠাৎ করে ঘরের কলাপসিবল গেট ও দরজার তালা ভেঙে মুখোশ পরা ৭-৮ জন ডাকাত ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা মোফাজ্জল ও তার দুই ছেলে ফায়সাদ (৩০) ও নিলয়ের (৩২) ওপর পিটুনি দেয়, ফলে তারা আহত হন। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। পরে ঘরের আলমিরা ভেঙে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মোফাজ্জল হোসেন আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ডাকাতির সময় ঘরের বাইরে ডাকাত দলের আরও চার সদস্য পাহারায় ছিল। লুটপাট শেষে ভোর ৪টা ১০ মিনিটে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর এবং ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি নজরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।