বাগেরহাট জেলা পুলিশ চুরি হওয়া ১১টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই অভিযানে গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে উদ্ধারকৃত গরুগুলো ঠিক কোথা থেকে চুরি হয়েছে এবং প্রকৃত মালিক কারা, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে এই গরুগুলো উদ্ধার করা হয় বলে জানান বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। গ্রেপ্তারকৃতরা হলেন—ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকোড়া দক্ষিণ পাড়া গ্রামের শুকুর শেখের ছেলে নাহিদ শেখ (২৭) এবং তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের ধুনা মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (৩৮)।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সারাদেশে গরু চুরির সঙ্গে জড়িত বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটটি বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে সেগুলো জবাই করে হোটেল-রেস্তোরাঁয় মাংস সরবরাহ করে থাকে।” তিনি আরও জানান, প্রথমে এই সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১১টি ছোট-বড় গরু ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, গরু চুরির এই সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।




