লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাসে মিথানল দূষিত মদ পান করে ছয় পর্যটকের মৃত্যুর ঘটনায় কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কারণ দায়ী কিনা তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে নেই। কারণ হিসেবে বলা হয়েছে, মৃতদেহগুলোর কোনো ময়নাতদন্তই করা হয়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট ডিস্টিলারির তৈরি ভদকায় ‘অতিরিক্ত মাত্রায় মিথানল’ উপস্থিত ছিল।

এ সপ্তাহের শুরুর দিকে জানা যায়, ডিস্টিলারির মালিকের বিরুদ্ধে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রি ও অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায় সরাসরি হত্যা বা অসাবধানতাজনিত মৃত্যুর মতো গুরুতর অভিযোগ আনা হয়নি। এই অভিযোগগুলোতে সর্বোচ্চ শাস্তি হিসেবে এক বছরের কারাদণ্ড এবং প্রায় ৮২৯ পাউন্ড (১১০০ মার্কিন ডলার) জরিমানার বিধান রয়েছে।

এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ছয় ব্যাকপ্যাকারের মৃত্যুর পর আরও কঠোর অভিযোগ না আনা হওয়ায় তারা ‘গভীরভাবে হতাশ ও তিক্ত’। এর জেরে ক্যানবেরায় লাওসের রাষ্ট্রদূতকে তলব করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত ব্যক্তিরা হলেন: ব্রিটিশ নাগরিক সিমোন হোয়াইট (২৮), অস্ট্রেলিয়ার বাসিন্দা বিয়ানকা জোন্স (১৯) ও হলি মর্টন-বোলস (১৯), ডেনমার্কের অ্যানে-সোফি ওরকিল্ড কয়ম্যান (২০) ও ফ্রেয়া ভেনারভাল্ড সোরেনসেন (২১), এবং মার্কিন নাগরিক জেমস লুই হাটসন (৫৭)। ধারণা করা হচ্ছে, বিনামূল্যে দেওয়া শটগুলোতে মিথানল মেশানো ছিল। মিথানল একটি বিষাক্ত পদার্থ যা সাধারণত পেইন্ট থিনারে ব্যবহৃত হয়, তবে খরচ কমাতে কখনো কখনো অবৈধভাবে অ্যালকোহলের সঙ্গে মেশানো হয়। এই বর্ণহীন তরলটির স্বাদ অ্যালকোহলের মতোই, এবং অল্প পরিমাণ পান করলেই তা প্রাণঘাতী হতে পারে। এটি পাকস্থলীতে শোষিত হয়ে রক্তপ্রবাহে প্রবেশ করে এবং লিভারে ভেঙে ফর্মালডিহাইড ও ফর্মিক অ্যাসিডে পরিণত হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ভুক্তভোগীদের অনেকেই নানা ব্যাকপ্যাকার হোস্টেলে অবস্থান করছিলেন। গত বছর ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়ার পর অনেকে হোস্টেল থেকে বের হতে পারেননি। এ বছরের শুরুর দিকে হোস্টেলের সঙ্গে জড়িত ১০ জনের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়েছিল। তাদের স্থগিত সাজা ও ১৮৫ ডলার করে জরিমানা দেওয়া হয়। ভাং ভিয়েং লাওসের একটি নদীতীরবর্তী শহর যা দক্ষিণ-পূর্ব এশিয়া ভ্রমণকারী ব্যাকপ্যাকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

গত সপ্তাহে ব্রিটিশ সরকার পর্যটকদের মিথানলের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে একটি প্রচারাভিযান শুরু করেছে। মিথানল বিষক্রিয়ার কিছু সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে দৃষ্টি ঝাপসা হওয়া, মাথাব্যথা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট।