মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৪৭টি মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয় তাদের প্রকৃত মালিকদের। এসব মোবাইল ফোন উদ্ধারে সহায়তা করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। সেলটির সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের নানা অঞ্চল থেকে ফোনগুলো খুঁজে বের করেন। এর আগে ভুক্তভোগীরা নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। তিনি বলেন, ‘প্রযুক্তিভিত্তিক ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা।

ফিরে পাওয়া মোবাইল ফোনগুলোর মালিকেরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাদের একজন জানান, দীর্ঘদিন পর নিজের ফোন ফিরে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। পুলিশের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।