যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে এক নতুন চীনা ব্র্যান্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) বার্ষিক তালিকায় শীর্ষস্থান দখল করেছে লাইফস্টাইল পণ্যের এই ব্র্যান্ডটি। প্রতিষ্ঠানটির নাম মিনিসো। তারা ডিক'স স্পোর্টিং গুডস এবং কস্টকোর মতো শিল্পজায়ান্টদের পেছনে ফেলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল খুচরা বিক্রেতার মর্যাদা পেয়েছে। এই তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এটিএন্ডটি, ভেরাইজন, ক্যাসির জেনারেল স্টোর, আল্টা বিউটি, আরএইচ এবং জে.ক্রু।
এনআরএফের তথ্য অনুযায়ী, মিনিসো যুক্তরাষ্ট্রে প্রায় ৫৩ শতাংশ বিক্রয় বৃদ্ধি পেয়েছে, যা মোট ৪৬৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। দ্বিতীয় স্থানে থাকা ডিক'স স্পোর্টিং গুডসের বিক্রয় বৃদ্ধি ৪৯ শতাংশ, যার পরিমাণ ১৩.৬ বিলিয়ন ডলার। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ডাইসো সাঙ্গিও (২৫.৮ শতাংশ বৃদ্ধি), প্রাইমার্ক (২৪.২ শতাংশ) এবং ফাইভ বিলো (২২.৯ শতাংশ)। অন্যদিকে, ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১৮তম স্থানে রয়েছে কস্টকো, যা ২০২৫ অর্থবছরে ২৭৫.২ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকেই এসেছে ১৯৮.৭ বিলিয়ন ডলার। তবে এখনো ওয়ালমার্ট (৭১৩.২ বিলিয়ন ডলার) এবং অ্যামাজনের (৭১৬.৯ বিলিয়ন ডলার) রাজস্বের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে তারা।
গবেষণা প্রতিষ্ঠান ক্যান্টার কর্তৃক সংকলিত এই তালিকাটি প্রতিষ্ঠানের সামগ্রিক আকারের পরিবর্তে বার্ষিক দেশীয় বিক্রয় বৃদ্ধির ভিত্তিতে তৈরি করা হয়েছে। ক্যান্টারের মতে, এই পদ্ধতি বাজারে প্রতিষ্ঠানের গতিশীলতা বোঝার সুযোগ দেয়, দীর্ঘদিন ধরে বাজারের বড় অংশ দখল করে থাকা কস্টকো বা ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানের আধিপত্য নয়।
মিনিসোর জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে রয়েছে ভাইরাল ব্লাইন্ড বক্স এবং মাইনক্রাফট, মাই লিটল পনি'র মতো ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব। এনআরএফের মতে, সাশ্রয়ী মূল্যের লাইফস্টাইল পণ্য, 'আবিষ্কার-চালিত কেনাকাটার অভিজ্ঞতা'র উপর জোর দেওয়া এবং যুক্তরাষ্ট্রে ক্রমাগত সম্প্রসারণই এই সাফল্যের মূল চাবিকাঠি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়ে গুওফু ২০১৩ সালে এটি প্রতিষ্ঠা করেন এবং ২০২০ সালে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পাবলিক করেন। তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। মিনিসো একসময় নিজেকে জাপান-অনুপ্রাণিত ব্র্যান্ড হিসেবে পরিচয় দিত। তবে ২০২২ সালে বিপণন কৌশলের জন্য ইয়ে ও প্রতিষ্ঠানটি ক্ষমা চায় এবং পরে তাদের দোকান ও লোগোর ডিজাইন থেকে জাপানি উপাদান সরিয়ে ফেলে।


