পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ডিজাইনের নবদিগন্ত উন্মোচনের লক্ষ্যে রাজধানীতে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। শান্ত-মার্টাম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডিপার্টমেন্ট অব অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএমএমটি) গতকাল শনিবার এই প্রদর্শনীর আয়োজন করে। এটি ছিল বিভাগটির দ্বিতীয় আয়োজন।

উত্তরার সোনারগাঁও জনপথে অবস্থিত ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে ‘ফ্রম কনসেপ্ট টু ক্রিয়েশন: ডেনিম ডাইভারসিফিকেশন অ্যান্ড স্মার্ট অ্যাপারেল ইনোভেশন এক্সিবিশন’ শিরোনামের এই প্রদর্শনীটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড দেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম বিশেষ অতিথি ছিলেন। ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা অংশ নেন।

ইঞ্জিনিয়ার রিয়াসাদ বিন কবির পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিভাগীয় কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক রাজিব দাস সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফারজানা মিতা জানিয়েছেন, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা-ভিত্তিক উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তি-সমৃদ্ধ অ্যাপারেল তৈরির দক্ষতা সবার সামনে তুলে ধরা।