ঢাকার মেট্রোরেলে পৃথক দুটি স্টেশনে সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় যাত্রী চলাচল স্থগিত করা হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে এ দুটি বস্তু দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর ফলে এই স্টেশন দুটিতে ট্রেন থামানো হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার বিবরণে জানা যায়, মিরপুর-১০ স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ চোখে পড়ে কয়েকজনের। একই সময়ে ফার্মগেট স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত উভয় স্থান ঘিরে ফেলে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মেট্রোরেল কতৃপক্ষ তাদের অবহিত করার পরপরই ঘটনাস্থল সুরক্ষিত করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। তিনি আরও উল্লেখ করেন, ব্যাগটির মধ্যে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পরই কেবল নিশ্চিত করে বলা যাবে।

অন্যদিকে, ফার্মগেট স্টেশনের ঘটনাস্থল সম্পর্কে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, নিচতলার একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা দেখতে পাওয়া গেছে। এটিও পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনে বোমা নিষ্ক্রিয়করণ ইউজিতকে খবর দেওয়া হয়েছে।