ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের রিপন মিয়ার দুই পুত্র— বড় ভাই জোবায়েদ হোসেন ও ছোট ভাই শামিম হোসেন। তাদের বয়স ছিল যথাক্রমে আট ও পাঁচ বছর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই পুকুরে মাছ ধরার পর গায়ের কাদা পরিষ্কার করতে পানিতে নামে। হঠাৎই ছোট ভাই শামিম গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। ভাইকে বিপদে দেখে বড় ভাই জোবায়েদ তাকে উদ্ধারের জন্য জলে ঝাঁপ দিলে সেও অসহায় হয়ে পড়ে এবং উভয়ই পানির নিচে অদৃশ্য হয়ে যায়। শিশু দুটির কোনো সাড়া না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে এসে একটি শিশুকে ভাসতে দেখে তীব্র চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসে।

স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন। পরে ওইদিনই পাটুলী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে সহোদরকে পাশাপাশি সমাহিত করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্সুর আহমেদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।