চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এক পরিবারের দুই যমজ সন্তান। কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ নামের ভাই-বোন দুজনেই জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছে।

উপজেলার ঘোষপাড়া এলাকার বাসিন্দা সজল চন্দ্র ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির সন্তান তারা। পারিবারিক সূত্রে জানা যায়, তাদের বাবা উপজেলা সদর বাজারে ক্ষীর, দধি ও মিষ্টির ব্যবসার সাথে জড়িত। মা গৃহিণী। কৌশিক ও সুপ্তি স্থানীয় কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান শাখা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।

একই পরিবারের দুই সন্তানের এমন অসাধারণ সাফল্যে ঘোষ পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। বাবা সজল চন্দ্র ঘোষ আবেগাপ্লুত হয়ে জানান, ছেলে-মেয়ে উভয়ের এমন ভালো ফল তাদের পুরো পরিবারকে খুশি করেছে। তিনি সবার কাছে সন্তানদের জন্য দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

সদ্য প্রকাশিত ফলাফলে সফল হওয়া দুই শিক্ষার্থী জানিয়েছে, তাদের এই অর্জনের পেছনে মা-বাবা, স্কুলের শিক্ষক এবং অধ্যক্ষের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে কৌশিক ঘোষ একজন বায়োকেমিস্ট হওয়ার স্বপ্ন দেখছে, অপরদিকে সুপ্তি ঘোষ চিকিৎসাবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা পোষণ করেছে।

এদিকে, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু জানান, এবার তাদের প্রতিষ্ঠান থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া, প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার ৯৮ দশমিক ৬৪ শতাংশ। তাদের স্কুলের দুইজন শিক্ষার্থী যমজ ভাই-বোন হিসেবে একসাথে জিপিএ-৫ পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত।