পুরোনো বইয়ের পাতা উল্টালে নাকে ভেসে আসা সেই চেনা গন্ধটি অনেকের কাছেই অত্যন্ত প্রিয়। একটু মিষ্টি, একটু ধুলামাখা আর সামান্য স্যাঁতসেঁতে—এই মিশ্র গন্ধ যেন মনকে নিমেষেই প্রশান্ত করে দেয়। এই অনুভূতি কি কেবল আপনার একার? মোটেই না। বিশ্বজুড়ে অগণিত মানুষ এই গন্ধের প্রতি গভীরভাবে আকৃষ্ট। এমনকি এই ভালোবাসার একটি সুন্দর নামও রয়েছে—'বিব্লিওসমিয়া'। ২০১৪ সালে ইংরেজি অধ্যাপক অলিভার টিয়ার্ল গ্রিক শব্দ 'বই' এবং 'গন্ধ' যুক্ত করে শব্দটি তৈরি করেন।

গন্ধের এই আকর্ষণের পেছনে বিজ্ঞান যেমন আছে, তেমনি আছে স্মৃতির এক গভীর সম্পর্ক। নিউরোলজিস্ট রাব নওয়াজ খানের মতে, পুরোনো বইয়ের গন্ধ আমাদের অবচেতন মনকে বহু বছর আগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। স্কুল লাইব্রেরির নিস্তব্ধ বিকেল, দাদুর বুকশেলফ ঘাঁটার আনন্দ, কিংবা কোনো প্রিয় মানুষের স্মৃতি—এই গন্ধের সঙ্গে জড়িয়ে থাকে। মজার বিষয় হলো, মস্তিষ্কে গন্ধ ও আবেগের মধ্যে সরাসরি সংযোগ বিদ্যমান। গবেষকেরা বলছেন, দৃষ্টি বা শ্রবণের তুলনায় নাক দিয়ে প্রবেশ করা গন্ধ অনেক দ্রুত মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অঞ্চলে পৌঁছায়। ফলে কারণ না জেনেই পুরোনো বইয়ের গন্ধ পেলে মন ভালো হয়ে যায়।

আসল রহস্যটি লুকিয়ে আছে রসায়নের জাদুতে। বইয়ের পাতা সাধারণত কাঠ থেকে তৈরি, যাতে সেলুলোজ ও লিগনিন নামক দুটি উপাদান থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই উপাদানগুলো ধীরে ধীরে ভেঙে বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস নামক রাসায়নিক যৌগ ছড়ায়। এই যৌগগুলোর কারণেই পুরোনো বই থেকে চার ধরনের স্বতন্ত্র গন্ধ পাওয়া যায়। ভ্যানিলিন উপাদানটি ভ্যানিলা বা মিষ্টি বিস্কুটের মতো ঘ্রাণ দেয়। বেনজালডিহাইড বইয়ের গন্ধে হালকা বাদামের আমেজ যোগ করে। ফারফিউরালের কারণে মনে হয় যেন কাছেই পাউরুটি সেঁকা হচ্ছে, আর গুয়াইয়াকল গন্ধে আনে পোড়া কাঠ বা ক্যাম্পফায়ারের স্মৃতি। অর্থাৎ একটি পুরোনো বইয়ের ভেতরেই লুকিয়ে থাকে বেকারি ও ক্যাম্পফায়ারের সম্মিলিত ঘ্রাণ।

নতুন বইয়ের গন্ধের সঙ্গে পুরোনো বইয়ের গন্ধের তুলনা করা যায় না। নতুন বইয়ের পাতা উল্টালে যে তীব্র গন্ধ পাওয়া যায়, তা মূলত নতুন কালি, কাগজ সাদা করার রাসায়নিক ও আঠার কারণে। এটি অনেকটা নতুন গাড়ির ভেতরের মতো তাজা ও কড়া। কয়েক বছর পরে এই তীব্র গন্ধ ধীরে ধীরে মিলিয়ে গিয়ে পুরোনো বইয়ের সেই মিষ্টি, আরামদায়ক গন্ধে রূপ নেয়।

বইয়ের গন্ধ নিঃশ্বাসের সঙ্গে নেওয়া স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ? ডা. খান জানিয়েছেন, পরিষ্কার ও শুকনো পুরোনো বইয়ের গন্ধ শুঁকলে কোনো ক্ষতি নেই। তবে পাতা স্যাঁতসেঁতে হয়ে ছত্রাক জন্মালে সতর্ক থাকা প্রয়োজন। ধুলাবালু বা ছত্রাকের গন্ধ নাকে গেলে হাঁচি, কাশি বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই বইয়ের গন্ধ উপভোগ করার আগে খেয়াল রাখতে হবে, গন্ধটি যেন শুকনো ও মিষ্টি হয়। আর যদি গন্ধ স্যাঁতসেঁতে বা বিরক্তিকর মনে হয়, তবে বুঝতে হবে বইটির একটু বেশি যত্নের প্রয়োজন।