একটি ভাইরাল ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ এবং জ্যাকুলিন ফার্নান্দেজের নজরকাড়া ফ্যাশন— সবকিছু মিলিয়ে গত কয়েক দিন ধরে ‘জুগনি’ মিউজিক ভিডিওটি প্রবল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিওটির একটি বিশেষ অংশকে ঘিরে ‘ওয়ারড্রব ম্যালফাংশন’ বা পোশাকজনিত কোনো বিব্রতকর মুহূর্ত দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপটি ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

প্রথমে দর্শকদের একাংশ নির্মাতাদের ওপর দোষ চাপান, আবার কেউ কেউ প্রশ্ন তোলেন যে ঘটনাটি আদৌ বাস্তব, নাকি ডিজিটাল কারসাজি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নির্মাতারা বিতর্কিত দৃশ্যটি ঝাপসা করে সম্পাদনা করে দিতে বাধ্য হন। কিন্তু এরই মধ্যে ক্লিপটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় এবং এআই-নির্ভর ভুয়া কনটেন্ট তৈরির নতুন বিপদ নিয়ে বিতর্ক উসকে দেয়। এই পরিস্থিতিতে গানের কণ্ঠশিল্পী সোনু ঠুকরাল এক নতুন মোড় আনেন। তিনি স্পষ্ট দাবি করেন যে, ভাইরাল হওয়া ক্লিপটি অরিজিনাল নয়; বরং এটি অত্যাধুনিক এআই প্রযুক্তি প্রয়োগ করে বিকৃত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন।

অন্য দিকে, এই বিতর্কের পাশাপাশি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সাহসী ও নাটকীয় স্টাইলিং ফ্যাশনপ্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। ‘জুগনি’ ভিডিওতে তাকে একাধিক ভিন্নধর্মী সাজে দেখা গেছে, যেখানে গ্রামীণ ঐতিহ্য, আধুনিক গ্ল্যামার এবং মঞ্চনির্ভর কস্টিউম নকশার এক চমৎকার সমন্বয় ফুটে উঠেছে। প্রথম লুকটিতে জ্যাকুলিনকে দেখা যায় পাথর, ক্রিস্টাল ও ধাতব অলংকারে সজ্জিত একটি চকচকে করসেট ব্লাউজে। এর সাথে ছিল বেগুনি, নীল ও লাল রঙের পপ ডিজাইনের স্কার্ট। হাতে উজ্জ্বল নীল ও লাল রঙের চুড়ি, এবং পটভূমিতে ফুল দিয়ে সাজানো সিংহাসনের মতো একটি সেট। সব মিলিয়ে এটি ছিল লোকজ উৎসব ও পপ সংস্কৃতির এক নাটকীয় মিলন। দ্বিতীয় লুকে লাল ও মেরুন রঙের ঐতিহ্যবাহী কাপড়কে আধুনিক ঢং দেখানো হয়েছে। সিল্কের করসেট স্টাইলের ব্রালেটের সঙ্গে ছিল ড্রেপ করা নিচের অংশ, গলায় ভারী চোকার ও স্তরীভূত হার এবং একটি লম্বা বেণি। এই লুকটি রাজস্থানি ঐতিহ্যকে সমসাময়িক এক ভিন্ন ভাষা দিয়েছে। তৃতীয় ও শেষ লুকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক রূপ। সবুজ, গোলাপি ও সোনালি রঙের ঘেরওয়ালা স্কার্টের পাশে রয়েছে রঙিন সূচিকর্ম করা একটি ব্রালেট, কোমরে ধাতব অলংকার, হাতভর্তি গহনা এবং উঁচু হিলের জুতা। পুরো স্টাইলিং জুড়ে ছিল বোহেমিয়ান অনুভব। সেটের নকশা ও পোশাকের এই প্রয়াস ভিডিওটিকে দিয়েছে সিনেমাটিক গভীরতা।

মিউজিক ভিডিওটি মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ইউটিউবে এটি কয়েক কোটি ভিউ অতিক্রম করে এবং গানটি দ্রুত ট্রেন্ডিং তালিকায় স্থান করে নেয়। কিন্তু জনপ্রিয়তার সাথে বিতর্কও সমান্তরালে বেড়েছে। এক পক্ষে দর্শক জ্যাকুলিনের সাহসী ফ্যাশন, নৃত্যনির্দেশনা ও ভিজ্যুয়াল নির্মাণের প্রশংসা করলেও, ভাইরাল ক্লিপকে কেন্দ্র করে সমালোচনার ঝড় থামেনি। এখন সকলের দৃষ্টি তদন্তের ফলাফলের দিকে। যদি প্রকৃতপক্ষে ভাইরাল ভিডিওটি এআই ব্যবহার করে বিকৃত করা হয়ে থাকে, তাহলে বিষয়টি শুধু একজন তারকার ইমেজের প্রশ্ন নয়; বরং ডিজিটাল যুগে নকল ভিডিও ও তথ্য কত ক্ষিপ্রগতিতে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সেই ভয়াবহ বাস্তবতাকেও সামনে নিয়ে আসে। এই কারণেই ‘জুগনি’ এখন একটি জনপ্রিয় গানের গণ্ডি পেরিয়ে ফ্যাশন, প্রযুক্তি ও ডিজিটাল নীতি— এই তিন বিষয়ের সংমিশ্রনে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে উঠেছে।