ঢাকায় অবস্থিত ইউনেসকো অফিসের শিক্ষা ইউনিটে ‘ক্রয় ব্যবস্থাপনা সহকারী’ পদে একজন কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাটি সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটি নন-স্টাফ (Non Staff) ক্যাটাগরির এবং এর গ্রেড নির্ধারণ করা হয়েছে SC4। নির্বাচিত প্রার্থীকে পূর্ণকালীন ভিত্তিতে ঢাকা অফিসে দায়িত্ব পালন করতে হবে।

পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এর পাশাপাশি প্রকিউরমেন্ট, চুক্তি ব্যবস্থাপনা, লজিস্টিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থী যদি জাতিসংঘের কোনো সংস্থায় অথবা দাতা-অর্থায়িত প্রকল্পে কাজ করে থাকেন, তবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভাষাগত দক্ষতার ক্ষেত্রে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে।

যে কর্মীরা প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, তাদের প্রকল্প বাস্তবায়নের সময়সূচির সঙ্গে সঙ্গতি রেখে ক্রয় পরিকল্পনা তৈরি ও হালনাগাদের দায়িত্ব পালন করতে হবে। তাঁকে দরপত্র আহ্বান, বিড মূল্যায়ন, চুক্তি প্রস্তুত, সরবরাহকারী ব্যবস্থাপনা, ক্রয় সংক্রান্ত নথি সংরক্ষণ এবং অডিট–সংক্রান্ত সহায়তা দেওয়ার কাজও করতে হবে। নিয়োগটি চুক্তিভিত্তিক হবে এবং প্রাথমিকভাবে তা ১২ মাসের জন্য। কর্মদক্ষতা ও তহবিলের প্রাপ্যতার ওপর ভিত্তি করে এই মেয়াদ বাড়ানো যেতে পারে।

বেতন-ভাতা নির্ধারিত হবে SC4 গ্রেড অনুযায়ী, যা সাধারণত ৮৫ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। আগ্রহী প্রার্থীদের ইউনেসকোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই ২০২৬। আবেদনের বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে।